মুকসুদপুর থানায় আগুন দিল আ.লীগের নেতাকর্মীরা
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা গাড়িসহ অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর
স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনের সময় দলটির নেতাকর্মীরা থানায় আগুন দেন। এ সময় তাদের সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তারা থানা ভবনে আগুন ধরিয়ে দেন।
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি
এদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।





