কিশোরগঞ্জে রবি শস্যের প্রণোদনা পেলেন কৃষকরা
কিশোরগঞ্জে রবি মৌসুমে কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, চিনাবাদাম ও মুগ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এই প্রণোদনার উপকরণ তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম৷
আরও পড়ুন: বিয়ের খাবার খেয়ে অসুস্থ ৬০ জন, প্রাণ গেল পল্লিচিকিৎসকের
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।" দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান সরকার কৃষকদের পাশে রয়েছে এবং কৃষি খাতের উন্নয়নে নানামুখী সহায়তা ও প্রণোদনা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে৷"
তিনি আরও বলেন, "সরিষা, চিনাবাদাম ও মুগ ডালের আবাদ বাড়ালে দেশের ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের ঘাটতি পূরণ করা সম্ভব। এতে একদিকে যেমন কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, অন্যদিকে দেশের আমদানি নির্ভরতাও অনেকাংশে কমে আসবে।"
আরও পড়ুন: নবীগঞ্জে পরিত্যক্ত নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।
এছাড়াও বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারি এই সহায়তা পেয়ে কৃষকরা গভীর সন্তোষ প্রকাশ করেন এবং দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।





