নেত্রকোণা সীমান্তে আবারো মালিকবিহীন ৯১ বোতল মদ জব্দ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আবারো মালিকবিহীন ৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে এসব মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের মোল্লীপাড়া বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৪২/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গিলাগড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে ৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অভিযানকালে মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





