আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়, বরং সামাজিক সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন কর্মসূচিকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করে তিনি এই উদ্যোগ দেশের বাকি ৬৩টি জেলাতেও সম্প্রসারণ করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির স্বেচ্ছাসেবীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর
রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "গত কয়েক মাসে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, সব সমস্যা আইনের মাধ্যমে সমাধান করা যায় না। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে অনেক সমস্যার সমাধান সম্ভব। আমি মনে করি, ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের একটি রোল মডেল। বাংলাদেশের প্রতিটি জেলায় এই মডেলের প্রয়োজন রয়েছে এবং এটি বাকি ৬৩টি জেলায় ছড়িয়ে দিতে হবে।
বিগত সময়ের সামাজিক পরিস্থিতির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ এক অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে গেছে এবং মানুষ ভয়ের মধ্যে ছিল। সে সময় এক ধরনের সামাজিক অবক্ষয় দেখা গিয়েছিল, যেখানে মান্যগণ্য ও গুণী ব্যক্তিদের অপদস্ত করা হতো। এই পরিস্থিতি থেকে উত্তরণে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক সংগঠন সারাদেশে প্রয়োজন। সরকার গঠনের পর থেকে জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি
সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে তারেক রহমান বলেন, "এখানে বিভিন্ন মত, ধর্ম ও নানা শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সবাই মিলেমিশে কাজ করলে যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, ‘আলোকিত লালমনিরহাট’ তা প্রমাণ করেছে। আজ বড় আনন্দের দিন যে সব সদস্য এক ছাদের নিচে সমবেত হয়েছেন। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ দেশ। আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হবে।
বক্তব্যে পরিবেশ দূষণ ও মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমাদের নদী-নালা, খাল-বিল আবর্জনায় ভরে আছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশকে রক্ষা করতে হবে। পাশাপাশি এ জেলায় মাদক সমস্যা রয়েছে, যা নিরসনে আপনারা অনেক চেষ্টা করছেন। সম্মিলিতভাবে এসব সমস্যা দূর করতে হবে।"
বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোটবেলায় আমরা প্রজাপতি দেখতাম, এখন আর তা দেখা যায় না। ফুল, ফল এবং অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।"
‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





