ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের জেরেই গত বছর যুক্তরাজ্য সরকারের মন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল তাকে।
সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ জানান, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন। একজন আইনজীবীর সঙ্গে কথা বলার পর তিনি জানতে পেরেছেন, ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট আইনি ভিত্তি থাকতে পারে।
আরও পড়ুন: লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
টিউলিপের ভাষ্য, তার বিরুদ্ধে আনা মামলাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক পর্যালোচনা করছেন তিনি। তবে এখনো চূড়ান্তভাবে মামলা করার সিদ্ধান্ত নেননি।
বাংলাদেশে পূর্বাচলে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। গত বছরের ডিসেম্বরে ওই মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি
তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ। লন্ডনে বসবাসরত এই সাবেক ব্রিটিশ মন্ত্রী এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেছিলেন।
২০২৫ সালের ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার খালা শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের পরোক্ষ শিকার হয়েছেন তিনি।
টিউলিপের দাবি, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা বিস্তারিত জানার জন্য তিনি একাধিকবার চেষ্টা করেছেন। এ বিষয়ে তার আইনজীবীরা বাংলাদেশ সরকারকে চিঠি পাঠালেও কোনো জবাব পাননি বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও জানান টিউলিপ। তার ভাষ্য, ইউনূসের সঙ্গে সরাসরি দেখা করার জন্য একাধিকবার চেষ্টা করলেও তিনি তাতে সম্মতি দেননি।
নিজের বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন টিউলিপ। তিনি বলেন, কী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখেই প্রথম জানতে পারেন, তাকে সাজা দেওয়া হয়েছে।
টিউলিপের এসব অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিতর্কের সময় যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ। তার দাবি, নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন।
তবে টিউলিপকে ঘিরে একের পর এক প্রশ্নের মুখে পড়েন স্টারমার। পরবর্তী সময়ে টিউলিপকে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়। এখন ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়টি কত দূর এগোয়, সেটিই দেখার বিষয়।





