পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৭ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। চলতি মৌসুমে জেলায় এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।

আরও পড়ুন: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়ছে। রাতে লেপ-কম্বল ব্যবহার করতে হচ্ছে। ভোরে ঘরের বাইরে বের হলেও শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

গলেহাহাট এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে এবং ঘরে ফ্যান চালাতে হয়। তবে সন্ধ্যার পর ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় আরেক বাসিন্দা শাহীন জানান, কয়েক দিন আগেও রাতে এতটা ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলেই শীত অনুভূত হচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।