ঈদে আসছে তিন তারকার নতুন সিনেমা
ফেলে আসা সময় ও শিকড়কে নতুন করে খুঁজে ফেরার গল্প নিয়ে রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ।
সিনেমাটির নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান চরকি গেল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর দিয়েছে। ‘প্রিয় মালতী’র পর প্রেক্ষাগৃহের জন্য শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা এটি। তিনি বলেন, "গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির। এতে পারিবারিক মূল্যবোধ, আবেগ ও বাস্তব জীবনের দ্বন্দ্বের পাশাপাশি যথেষ্ট হাস্যরসও রয়েছে।
আরও পড়ুন: মীরকে নিয়েই কি ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’?
"এটি মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। নিজের ফেলে আসা সময়কে খুঁজে দেখতে বা প্রশ্ন করতে গেলে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, গল্পটি সেভাবেই সাজানো হয়েছে। প্রতিটি দর্শকই এটি নিজের সঙ্গে মেলাতে পারবেন।" নির্মাতা জানিয়েছেন, ভিন্ন ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে তৈরি এই পারিবারিক ড্রামা ঘরানার সিনেমায় আবহসংগীত ও গান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘সিঙ্গার-বেকো’ নিবেদিত এবং ‘ফিল্মি ফিচারস’ প্রযোজিত এই সিনেমাটির সহ-প্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’। সহযোগী হিসেবে থাকছে ‘এমআইবি স্টুডিওস’।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, "চরকি সবসময় নানা অনুভূতির গল্প বলতে চায়। ‘আবার দেখা হলে’ পরিবারের গল্প, নিজেকে ফিরে দেখার গল্প। প্রেক্ষাগৃহে পরিবার নিয়ে দর্শকরা দারুণ কিছু মুহূর্ত কাটাবেন বলে আমরা বিশ্বাস করি।" সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।
আরও পড়ুন: মান্নাতে আমার কোনো সিদ্ধান্ত চলে না, কেন বললেন শাহরুখ?





