ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৮ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে সামরিকভাবে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখা এবং প্রয়োজনে আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এক আকস্মিক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল

ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরানের সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। আপাতত পরিস্থিতি আগের অবস্থায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এই অবস্থান বজায় রাখা হচ্ছে।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কাতারের প্রধানমন্ত্রী জানান, আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে কথা হয়েছে। সমঝোতায় পৌঁছানো এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: হোয়াইট হাউসের কাছে পরপর নিরাপত্তা লঙ্ঘন, আটক ২

অব্যাহত থাকবে নৌ অবরোধ

যুদ্ধ আপাতত বড় আকারে না বাড়লেও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন উদ্যোগের মাধ্যমে স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধ করার প্রচেষ্টার কথাও জানান তিনি।

ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধগুলোর একটি অব্যাহত রাখার বিষয়ে এসব দেশের আগ্রহ রয়েছে।

তবে সামরিক পদক্ষেপের প্রয়োজন আপাতত দেখছেন না জানালেও পরিস্থিতির পরিবর্তন হলে যুক্তরাষ্ট্র দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যেকোনো পরিবর্তিত পরিস্থিতির জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের হুমকি থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আগের তুলনায় বেশি সুরক্ষিত। তাঁর ধারণা, সংঘাতের অবসান খুব শিগগিরই হতে পারে।

আলোচনার প্রস্তাব নিয়ে ইরানের আপত্তি

ট্রাম্পের বক্তব্যের পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি ওয়াশিংটনের আলোচনার বিষয়ে প্রকাশিত তথ্যকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেন এবং যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান চেয়েছেন। ইরান আলোচনায় আগ্রহী হলেও কোনো ধরনের চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালি ঘিরে বেড়েছে উত্তেজনা

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর সংঘাত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়ে।

যুদ্ধ শুরুর পরপরই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের উদ্যোগ নেয় ইরান। বিশ্বের তেল, গ্যাস ও সার পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে তৈরি হয় নতুন সংকট। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল মার্কিন সামরিক স্থাপনা।

এদিকে সংঘাতের বিস্তৃত প্রভাব হিসেবে সৌদি আরব ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক উপস্থিতি ও বিমান হামলাও পরিস্থিতিকে আরও জটিল করেছে।

যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অনেকটা অনিয়মিত হয়ে পড়েছে। মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানের কেশম দ্বীপে সীমিত হামলার কথাও জানিয়েছে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তবে চলমান সংঘাতে ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করাকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরছে ওয়াশিংটন।

ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত হয়।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরানের কর্মকর্তারা। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, ওমানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালিতে নতুন নৌ চলাচল ব্যবস্থা স্বীকৃতি এবং লেবাননে ইসরায়েলি হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

মধ্যস্থতায় কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠায় কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে তিনি আগে থেকেই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।

সোমবারের রুদ্ধদ্বার বৈঠকে তিনি যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে দেওয়া দুই দিনের একটি প্রস্তাব ট্রাম্পের কাছে তুলে ধরেছেন বলে জানা গেছে।

বৈঠক শেষে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, সংঘাতের সমাপ্তি ঘোষণা করে যুদ্ধ বন্ধ করে দিলেই হয় কি না। জবাবে ট্রাম্প বলেন, শুধু সাময়িক সমাধান নয়, তিনি দীর্ঘমেয়াদি সমাধান চান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাও ওয়াশিংটনের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: আলজাজিরা