গোপালগঞ্জে বিজিবির ‘হত্যাযজ্ঞের পরিকল্পনা’ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন দাবি বাহিনীর
গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ‘হত্যাযজ্ঞের পরিকল্পনা’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাহিনীটি। বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিজিবিকে জড়িয়ে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে বলে প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
বাহিনীটির দাবি, এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত অভিযান বা হত্যাযজ্ঞের আশঙ্কা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা চালানোর জন্যও প্ররোচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাহিনীটি।
আরও পড়ুন: নাশকতা, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের
বিজিবি জানায়, একটি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালানো হচ্ছে। গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর জন্য উসকানি দেওয়াই এসব গুজবের মূল উদ্দেশ্য বলে মনে করছে বিজিবি।
বিজিবি জানায়, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় জেলায় মোতায়েন রয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছেন, যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি
জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে বাহিনীটি।
বিজিবি আরও জানায়, কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ শান্তিকামী জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছে বাহিনীটি।





