শারদীয় দুর্গাপূজায় ডিএসসিসির ১৬৮ মণ্ডপে ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:২৬ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিস) এলাকার ১৬৮টি পূজা মণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: বাসে ওঠার সময় মোবাইল ছিনতাই, ট্রাফিক পুলিশের তৎপরতায় আটক যুবক

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি পূজা মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, দেশকে রক্ষা করতে এবং সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সবার এবং এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।

আরও পড়ুন: রাজধানীতে ফুটপাত উচ্ছেদ, পথচারিদের স্বস্তি,হকারদের হাহাকার

শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, পূজা উপলক্ষে শহরজুড়ে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজা মণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারের বিষয়গুলো পূজার আগেই জরুরি ভিত্তিতে সমাধান করা হবে।

তিনি আরও জানান, পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হবে।

অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অনুদানের অর্থের পরিমাণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শহরের সব পূজা মণ্ডপের প্রতিনিধিদের ডেকে এনে যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে, তা তাঁদের পূজার আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।