রাজধানীতে দিনদুপুরে দুই যুবককে গুলি ও ছুরিকাঘাত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:২৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের বাগিচারটেক এলাকায় দুর্বৃত্তদের হামলায় দুই অটোরিকশাচালক আহত হয়েছেন। তাঁদের একজন সানাউল্লাহ গনি ওরফে বাবু (২৬), অন্যজন মো. শরিফুল (২৮)। সোমবার (২৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাবু ও তাঁর পরিচিত ব্যক্তিদের ভাষ্য, বাবু বাগিচারটেক এলাকার একটি গ্যারেজের অটোরিকশা চালান। ঘটনার সময় গ্যারেজের পাশের একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় স্থানীয় সুজন গ্রুপের হাসিব, নুরু, হাসানসহ ১০ থেকে ১২ জন তাঁর ওপর আগ্নেয়াস্ত্র ও চাপাতি নিয়ে হামলা চালায়।

আরও পড়ুন: জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি

এতে বাবুর বুকের বাঁ পাশে ও ডান পায়ে গুলি লাগে। এ ছাড়া তাঁর ডান হাতের তালু ও ডান পায়ের পাতায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বাবু জানান, তিনি দীর্ঘদিন কাতারে ছিলেন। প্রায় দেড় মাস আগে দেশে ফিরে অটোরিকশা চালানো শুরু করেন। হামলাকারীদের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না বলে দাবি করেন তিনি। হামলার সময় দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে ২৬ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয় বলেও জানান বাবু।

আরও পড়ুন: কে এই সুইডেন আসলাম?

একই ঘটনায় শরিফুলের ডান পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

আহত বাবুর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তাঁর বাবার নাম আব্দুল বারেক। অন্যদিকে শরিফুলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তাঁর বাবার নাম বেল্লাল হোসেন। তাঁরা দুজনই বাগিচারটেক এলাকার কাদেরের রিকশার গ্যারেজে থাকেন এবং অটোরিকশা চালান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিল এলাকা থেকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে বাবুর বুকের বাঁ পাশে ও পায়ে গুলির আঘাত রয়েছে। আর শরিফুলের হাঁটুতে আঘাত লেগেছে। হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কয়েকজন দুর্বৃত্ত এক যুবককে কুপিয়ে আহত করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গুলির ঘটনা সম্পর্কে এখনো নিশ্চিত নন তাঁরা। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।