এলপি গ্যাসের দাম একলাফে ২৫২ টাকা বাড়ল
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষিত নতুন দাম রোববার থেকেই কার্যকর হবে।
আরও পড়ুন: আজকের সোনার দাম কত, জানুন ৪ অক্টোবরের বাজারদর
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
এদিকে বাজারে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কয়েকটি এলপিজি অপারেটর বড় ধরনের মুনাফা করার চেষ্টা করছে বলে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। সংস্থা দুটির পক্ষ থেকে বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে জানানো হয়।
আরও পড়ুন: তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
এর পরিপ্রেক্ষিতে শনিবার দেশের এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোটাব) নেতাদের সঙ্গে বৈঠক করেন জ্বালানিমন্ত্রী। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে এলপিজির মজুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বিভিন্ন সংস্থা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, দেশে চাহিদা অনুযায়ী এলপিজি আমদানি করা হয়েছে। তাহলে বাজারে সংকট কেন তৈরি হয়েছে এবং কেন বাড়তি দামে এলপিজি বিক্রি হচ্ছে—বৈঠকে লোটাব নেতাদের কাছে এ বিষয়ে জবাব চাওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন লোটাব নেতারা। তাদের দাবি, এলপিজির দাম বেশি বাড়ানো হলে বাজারে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে। কারণ আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জানা গেছে, ২২ সেপ্টেম্বরের পর থেকেই দেশের বাজারে এলপিজির সংকট দেখা দিয়েছে। নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজি এলপিজি সিলিন্ডার কোথাও কোথাও আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি আমদানির খরচ কিছুটা বেড়েছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক অপারেটর এলপিজি মজুত করে রেখেছে বলেও অভিযোগ উঠেছে।
সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অনেক এলপিজি অপারেটর আগেভাগে তাদের ট্যাংকারে এলপিজি মজুত করেছে। কেউ কেউ আবার ৩০ সেপ্টেম্বরের আগে বঙ্গোপসাগরের সীমার কাছাকাছি এলপিজিবাহী জাহাজ অবস্থান করিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই অক্টোবর মাসের জন্য এলপিজির দাম একলাফে ২৫২ টাকা বাড়ানোর ঘোষণা দিল বিইআরসি।





