বিজয় দিবসে স্মৃতিসৌধসহ দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত সরকারের
মহান বিজয় দিবস-২০২৬ উদ্যাপন ঘিরে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের নিরাপত্তায় নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা ও জরুরি সেবা প্রস্তুত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়। বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে-বিদেশে সরকারের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ জন্য স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্তসংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী
এদিকে, বিজয় দিবস উদ্যাপন ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।
নিরাপত্তার পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





