কর্মধায় মানবিক রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৫৩ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধায় উৎসবমুখর পরিবেশে মানবিক রক্তদান সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কর্মধা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হেলাল আহমদের সভাপতিত্বে এবং রাসেল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এম এ আজিজ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা হিসেবে পরিচিত মো. মোশারফ হোসেন।

আরও পড়ুন: ফটিকছড়িতে প্রতিবেশির ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

অনুষ্ঠানে বক্তারা মানবিক রক্তদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান একটি মহৎ এবং মানবিক উদ্যোগ। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। তাঁরা সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং রক্তদাতাদের এ মহতী উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি রাসেল আল মামুন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাওহীদ তাসনীমের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ভিউয়ের দৌড়ে সাংবাদিকতার নীতি-নৈতিকতা উপেক্ষিত

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ সাইদুর রহমান চৌধুরী, জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা মুহতামিম মাওলানা ইউনুস আহমদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. গোলাপ মিয়া ও সংগঠনের পরিচালক প্রভাষক মোঃ আক্তার হোসেন, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী প্রদীপ কুমার সিংহ, নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুরুজ আলী,  অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের সিনিয়র সদস্য বাবুল আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রক্তদাতারা।