দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘অন্যপাতা’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৫৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, পারিবারিক প্রত্যাশা, জীবনের নানা টানাপোড়েন আর ভালোবাসার অনুভূতি এসব নিয়েই নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’। চারটি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় তৈরি সিনেমাটি দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। তবে এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

অন্যপাতা সিনেমাটি পরিচালনা করেছেন চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা। অন্যান্য চরিত্রে শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন, রোবেন প্রমুখ। প্রযোজনা করছেন চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ, বুয়েট শিক্ষার্থী আবতাহী শামস ও শাহেজাহান এ্যানি। নির্মাতা জানান, প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে অন্যপাতা সিনেমাটি নির্মাণ করা হয়েছে। মাত্র ছয়জনের একটি ছোট দল নিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ে এটি ৪০ জনের বেশি তরুণ সদস্যের একটি বিশাল দলে রূপ নেয়।

আরও পড়ুন: কেনো ভায়োলেন্স ছেড়ে দিলেন অধরা খান ?

পরিচালক শাহেজাহান এ্যানি বলেন, ‘অন্যপাতা সিনেমাটা আমাদের সকলকে একত্র করার সিনেমা। আমরা ছয়জন থেকে ৪০ জন হওয়ার গল্প। আমরা সবাই সব সময়ই স্বপ্নটা দেখতাম বড়, সেই সুবাদেই আস্তে আস্তে অন্যপাতার বড় হওয়া।’

সিনেমার গল্প নিয়ে শাহেজাহান এ্যানি বলেন, ‘অন্যপাতার গল্পটা আমাদের সবার নিজের জীবনের গল্প। এটা শুধু অ্যাডমিশনের গল্প বলে থেমে থাকেনি, আমাদের মা-বাবার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, হাজারটা দায়িত্বের মাঝেও নিজের মনের কথা, ভালোবাসার অনুভূতির প্রকাশ। সব মিলিয়ে আশা করি দর্শক আপন করে নেবে অন্যপাতাকে।’

আরও পড়ুন: দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন ইমরান খান, নায়িকা ভূমি পেডনেকর



নির্মাতা জানান, দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান অন্যপাতা। তবে এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র হাতে না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয়নি। শাহেজাহান এ্যানি বলেন, ‘আমাদের টিমের সবাই দুর্গাপূজার সময় সিনেমাটি মুক্তি দিতে আগ্রহী। ১৬ অক্টোবর মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে সবাই। হল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলমান রয়েছে। ইতিমধ্যে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমা দেখেছেন। আশা করছি, শিগগির ছাড়পত্র পেয়ে যাব। এরপর আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।’