অতিরিক্ত চাঁদা দাবির অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪ পরিবহনের বাস বন্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অতিরিক্ত চাঁদা দাবির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ পরিবহন ও হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্য পরিবহন কোম্পানির বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতি ও ঢাকাগামী পরিবহনগুলোর প্রতিনিধিরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন: জৈন্তাপুরের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে উদ্যোগ নিচ্ছে সরকার: জৈন্তাপুরে দুই মন্ত্রী

ঢাকাগামী দেশ ট্রাভেলসের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম বলেন, আগে প্রতিটি ঢাকাগামী বাস থেকে স্থানীয় বাস মালিক সমিতি ৩০ টাকা করে চাঁদা আদায় করত। তবে বুধবার সকাল থেকে বাসপ্রতি ১৫০ টাকা দাবি করা হচ্ছে। অতিরিক্ত চাঁদা দাবির কারণে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ পরিবহন ও হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্য পরিবহনগুলোর প্রতিনিধিরাও জানান, আগে নির্ধারিত হারে চাঁদা দেওয়া হলেও বর্তমানে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। এ কারণে মালিকেরা ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন। সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুন: নরসিংদীতে দিনমজুর হত্যার ঘটনায় ৩ জনের নামে মামলা

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর ট্রাভেলসের মালিক মনোতোষ চক্রবর্তী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন বাস থেকে রাজশাহী ও নাটোরে আড়াই শ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এ কারণে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য বাসপ্রতি ১৫০ টাকা দাবি করা হয়েছে।

তিনি জানান, কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য বাসের চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তাঁদের অনেকেই বিকল্প পরিবহনে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন।