নারায়ণগঞ্জে কনস্টেবল আনোয়ার হত্যা: ছয়জন গ্রেপ্তার, গুলিবিদ্ধ একজন

Shahrier Islam Pallab
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:২৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তার পায়ে গুলি লাগে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মুঠোফোনে স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজন রয়েছেন। তাদের মধ্যে ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে তার পায়ে গুলি লাগে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এসআরবির পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানান হাসিনুজ্জামান।

আরও পড়ুন: ১৪ গুরুত্বপূর্ণ পুলিশ সুপার বদলি

তিনি বলেন, ‘পুলিশ ও এসআরবির টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ এ বিষয়ে পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবে। পুলিশ জানিয়েছে, পুলিশ কনস্টেবল হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। গত রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)।আনোয়ার ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওতিনিন মোল্লার ছেলে। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।