গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন
বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় মহাসড়কের আশপাশের বিভিন্ন গলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মোবাইল ফোনে তিনি জানান, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, পুলিশের একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত
এদিকে শ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার সকালে শ্রমিকদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে পরিস্থিতি দেখতে পুলিশের গাড়ি নিয়ে সেখানে যান তিনি। একপর্যায়ে গাড়ি থেকে নামার পর আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শ্রমিকরা আগে থেকেই তার গাড়িটিকে লক্ষ্যবস্তু করে রেখেছিলেন। একপর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে তিনি নিরাপদে রয়েছেন বলে জানান।





