প্রলয় জোয়ারদারহ-সহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ও ১ জনকে বাধ্যতামূলক অবসর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:২৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ধরনের অভিযোগে আরেক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে সই করেন।

আরও পড়ুন: টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য গুরুতর আহত

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান। অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

যেসব কারণে বরখাস্ত হলেন ছয় কর্মকর্তা

আরও পড়ুন: পদোন্নতি পেলেন পুলিশের ৬৭ পরিদর্শক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে পুলিশ অধিদপ্তরে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কাজে যোগ দিতে একাধিকবার যোগাযোগ ও নোটিশ দেওয়া হলেও তিনি সাড়া দেননি। বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সাবেক ডিএমপি উপকমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ২৩ এপ্রিল তাঁর কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। তদন্তে তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে।

এএসপি মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২১ সালের ২৩ আগস্ট তিনি দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অনুমতি ছাড়াই দিনাজপুরে একটি অভিযোগ অনুসন্ধানে যান। সেখানে লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী জহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে বিভিন্ন স্থানে ঘোরানো হয়।

পরে তাঁদের একজনের পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রেখে মুঠোফোনে টাকা দাবি করা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাঁকে সহযোগীদেরসহ আটক করে। বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এএসপি মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় ২-এপিবিএনে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার অনুমতি নেন। তবে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য দেন। পরে চিকিৎসার কাগজপত্র জমা দিলেও কর্মস্থলে যোগ দেননি। ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে তাঁর অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তারিখ থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর তাঁর কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ। স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির সময় তিনি হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে তাঁর দায়িত্ব বুঝে নিতে এবং তাঁকে অসুস্থ হিসেবে দেখাতে বলেন। পরে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে।

এএসপি ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর

অন্যদিকে, এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তিনি কাজে যোগ দেননি।

দীর্ঘদিনের অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় তদন্তের পর তাঁকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে অভিযোগের গুরুত্ব বিবেচনায় শাস্তি পরিবর্তন করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।