জৈন্তাপুরের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে উদ্যোগ নিচ্ছে সরকার: জৈন্তাপুরে দুই মন্ত্রী

Shahrier Islam Pallab
সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন জৈন্তেশ্বরী বাড়ি পরিদর্শন করেছেন বর্তমান  সরকারের দুই মন্ত্রী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঐতিহাসিক এ স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁরা জৈন্তাপুরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন জৈন্তেশ্বরী বাড়ি (বিচারালয়), জৈন্তা রাজবাড়ি, সারিঘাটে মহাসড়কের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক রাজার পান্থশালা এবং রাজা বিজয় সিংহের সমাধিসৌধ ঘুরে দেখেন।

আরও পড়ুন: অতিরিক্ত চাঁদা দাবির অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪ পরিবহনের বাস বন্ধ

এ সময় মন্ত্রীরা বলেন, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো একটি জাতির সংস্কৃতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এসব স্থাপনা আমাদের অতীত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। তাই এগুলো সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে এসব ঐতিহাসিক স্থাপনাকে পর্যটক ও দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তাঁরা আরও বলেন, জৈন্তাপুরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য জাতীয় সম্পদ। নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহাসিক নিদর্শনের গুরুত্ব তুলে ধরতে এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে স্থাপনাগুলোর সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও পর্যটনবান্ধব পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

আরও পড়ুন: নরসিংদীতে দিনমজুর হত্যার ঘটনায় ৩ জনের নামে মামলা

পরিদর্শনকালে মন্ত্রীরা সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতিও সরেজমিনে ঘুরে দেখেন।

এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিলেট ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সহকারী  পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম  সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ  স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের উদ্দেশ্যে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে জৈন্তাপুর ত্যাগ করেন।