ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে নগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে না গিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা
শ্রমিকদের দাবি, দ্রুত ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরি কার্যকর করতে হবে। তাদের এ কর্মসূচির কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মালেকের বাড়ি এলাকায় পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
তিনি আরও জানান, গাজীপুরের অন্যান্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেসব এলাকার অনেক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।





