উদ্বোধনী ফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশে স্ত্রীর নাম
নরসিংদীর শিবপুরে একটি সরকারি স্থাপনা উদ্বোধনের নামফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশে তার স্ত্রীর নাম থাকায় ওই স্থাপনা উদ্বোধন না করে অন্য কয়েকটি কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হলে পরে বিষয়টি কর্তাব্যক্তিদের নজরে আসে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমন ঘটনা ঘটে।
জানা যায়, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের জন্য প্রথম বরাদ্দকৃত গাড়িটি দীর্ঘ দিন ধরে উপজেলা কমপ্লেক্সে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গাড়িটি ঐহিত্য ও স্মারক হিসেবে যথাযথ সংরক্ষণের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন। এর জন্য উপজেলা পরিষদের উদ্যোগে টিনশেডের একটি স্থাপনাও নির্মাণ করা হয়। দুপুরে স্থাপনাটি উদ্বোধন সহ আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে উপজেলা আসেন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান।
আরও পড়ুন: শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ হারালেন পোশাকশ্রমিক
শিবপুর উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, দুপুরে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান সস্ত্রীক উপজেলা প্রাঙ্গণে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান।
এদিকে টিনশেড স্থাপনা উদ্বোধনের নামফলকে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়ার নামের পাশাপাশি বিভাগীয় কমিশনারের সহধর্মিণী সোনিয়া হালিমের নাম থাকায় সমালোচনা শুরু হয়। পরে তিনি স্থাপনাটি উদ্বোধন না করেই অন্য কর্মসূচিগুলোতে অংশ নেন বিভাগীয় কমিশনার। অন্যান্য কর্মসূচি ছিল ভিক্ষাবৃত্তি করা একজনকে মুদিদোকান উপহার, ১৫ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।
এ বিষয়ে জানতে চাইলে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন বলেন, ভুলক্রমে বিভাগীয় কমিশনার স্যারের স্ত্রীর নাম নামফলকে ছিল। অন্য জায়গায় নামটি ব্যবহারের কথা থাকলেও নামফলক তৈরির দায়িত্বে থাকা কর্মচারী সেখানে নামটি রেখে দেন। এটি অবশ্যই অনিচ্ছাকৃত ছিল, তা আমাদের চোখে পড়েনি। ওই নামফলক সরিয়ে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, গাড়িটি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ঐতিহ্য বিবেচনায় সংরক্ষণের স্বার্থে আমরা গাড়িটি রং করিয়ে একটি শেডের নিচে প্রদর্শনের উদ্যোগ নিয়েছিলাম কিন্তু নামের ভুলে ঘটনাটি এত দূর পৌঁছাবে বুঝতে পারিনি।





