মিস ইউনিভার্সের মুকুটে নতুন ইতিহাস গড়লেন জেনিফার

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার বারেত্তো। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বসেরার মুকুট জিতে প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি। তবে জেনিফারের পরিচয় শুধু সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী হিসেবেই সীমাবদ্ধ নয়। মুকুট জয়ের আগে তিনি কাজ করেছেন মনোবিজ্ঞানী হিসেবে। পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা এবং এসব অপরাধ প্রতিরোধেও রেখেছেন ভূমিকা।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেওয়া ১১৬ প্রতিযোগীর মধ্যে কয়েকটি ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট ওঠে জেনিফারের মাথায়। নিজ দেশেই আয়োজিত এই প্রতিযোগিতায় তাঁর জয়কে ঘিরে তৈরি হয়েছে নতুন ইতিহাস।

আরও পড়ুন: হাজারো হীরার মুকুটে মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার বারেত্তো

দীর্ঘদিন ধরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশ নেওয়ার সুযোগ ছিল না। ২০২৩ সালে সেই নিয়ম পরিবর্তন করা হয়। এবারের আসরে সাতজন মা প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের মধ্যে সেরা পাঁচে জায়গা করে নিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেন জেনিফার।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম তাঁর। মনোবিজ্ঞানে স্নাতক করার পাশাপাশি মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজ শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করার পাশাপাশি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন উদ্যোগে যুক্ত ছিলেন।

আরও পড়ুন: ধামরাইয়ে চলচ্চিত্র অভিনেতা সোহেল খানের মৃত্যুতে কাঁদছে এলাকাবাসী

জেনিফারের ব্যক্তিগত জীবনও তাঁর কাজের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাঁর স্বামী ইয়ান কার্লোস বারেত্তো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে কর্মরত। ২০১৯ সালে তাঁদের কন্যা পেনেলোপের জন্ম হয়। মা হওয়ার পর জীবনের একটি কঠিন মানসিক সময় পার করতে হয়েছিল তাঁকে। সে সময় পেশাদার সহায়তা নেওয়ার অভিজ্ঞতা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে তাঁর উপলব্ধিকে আরও গভীর করে।

ছোটবেলায় কখনো সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জয়ের স্বপ্ন দেখেননি জেনিফার। পরিবারের এক সদস্যের উৎসাহেই প্রতিযোগিতার মঞ্চে আসার সিদ্ধান্ত নেন তিনি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার র‍্যাম্পে হাঁটার পর একই বছরের ২৫ জুন ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে জিতে নেন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর খেতাব। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বিশ্বসেরার মুকুটও জয় করলেন।

মিস ইউনিভার্সের মঞ্চকে কেবল সৌন্দর্য প্রদর্শনের জায়গা হিসেবে দেখতে চান না জেনিফার। নারী ও শিশুদের নিরাপত্তা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং মানসিক সুস্থতা নিয়ে কাজের পরিধি আরও বাড়াতে চান তিনি। তাঁর লক্ষ্য, আন্তর্জাতিক এই পরিচিতিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

একসময় যিনি মানুষের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কাজ করেছেন, সেই জেনিফারের হাতেই এখন বিশ্বসুন্দরীর মুকুট। তাঁর এই অর্জন সৌন্দর্য প্রতিযোগিতার প্রচলিত ধারণার বাইরেও নারী, মাতৃত্ব, পেশাগত পরিচয় ও সামাজিক দায়িত্বের নতুন এক বার্তা সামনে এনেছে।