নতুন মজুরি নির্ধারণ: কালিয়াকৈরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দুই দিনের আন্দোলনের পর পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে শ্রমিকদের মজুরি হবে ১৭ হাজার টাকা। আর সর্বোচ্চ গ্রেডে নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। তবে শ্রমিকদের প্রত্যাশিত ৩০ হাজার টাকার দাবির সঙ্গে নতুন মজুরির বড় ব্যবধান থাকায় গাজীপুরের শিল্পাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শুরু হওয়া মজুরি বোর্ডের চতুর্থ সভা চলে রাত ২টা পর্যন্ত। সভায় মালিক ও শ্রমিকপক্ষ কয়েক দফায় নিজেদের মজুরি প্রস্তাব সংশোধন করে জমা দেয়। দীর্ঘ আলোচনা, যুক্তিতর্ক ও ভোটাভুটির পর শেষ পর্যন্ত নতুন মজুরির বিষয়ে সমঝোতা হয়।
আরও পড়ুন: সিলেটে ইয়াবা সম্রাট সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা। দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরিও সম্মতির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে শ্রমিকরা বর্ধিত মজুরি হাতে পাবেন ২০২৭ সালের জানুয়ারি থেকে। অর্থাৎ, ডিসেম্বর মাসের বেতন নতুন নির্ধারিত হারে পরিশোধ করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি নির্ধারণে মাত্র তিন সপ্তাহের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে বোর্ড। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি সম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে সোমবার মজুরি বোর্ডের সভা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবি করা হয়। এতে শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, মজুরি বোর্ডের সিদ্ধান্ত না আসায় বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এর জেরে মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈর, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী, চন্দ্রা ও কালিয়াকৈর বাজার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
মৌচাক-তেলিচালা এলাকায় লগোস অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ, বিজিবি, আনসার ও এপিবিএন সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।
কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এটিএক্স অ্যাপারেলস লিমিটেডসহ আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা কারখানার ফটকে অবস্থান নিলেও মহাসড়ক অবরোধ করেননি। অন্যদিকে চন্দ্রা, সফিপুর, সালনা, মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দফায় দফায় অবরোধ করে বিক্ষোভ করেন।
শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অন্তত ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং আটটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। সব মিলিয়ে গাজীপুরে ৭০টির বেশি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার সকালে জানান, শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ এবং ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আটটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া গুজবের কারণে মৌচাকে অবরোধ শুরু হয়। পর্যাপ্ত পুলিশ সদস্য থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শ্রমিকদের মধ্যে নতুন মজুরি নিয়ে হতাশা ও সংশয়ও রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সবকিছুর দাম বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এ কারণে তিনি অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।
নতুন মজুরি ঘোষণার পর আরেক শ্রমিক বলেন, তাঁরা ৩০ হাজার টাকা চেয়েছিলেন। ১৭ হাজার টাকায় বর্তমান বাজারে সংসার চালানো কঠিন হলেও অন্তত একটি সিদ্ধান্ত হয়েছে। এখন কারখানায় পরিস্থিতি কী দাঁড়ায়, সেটিই দেখার বিষয়।
এদিকে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈরের বিভিন্ন শিল্পকারখানার ফটকে শ্রমিকদের ভিড় দেখা গেছে। অনেক শ্রমিক কাজে যোগ দিচ্ছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও কোনাবাড়ীসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও শিল্পাঞ্চলে এখনো কিছুটা থমথমে ভাব বিরাজ করছে।





