কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫৭ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ পর্যন্ত রূপপুর কেন্দ্রে মোট সাত চালান ইউরেনিয়াম পৌঁছেছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালান রয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব জ্বালানি দেশে পৌঁছানোর কথা।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এরই মধ্যে গত ১৭ নভেম্বর কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সফল সংযোগ সম্পন্ন হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করা যাবে না: এমপি মিলন

এ অর্জনকে দেশের জ্বালানি খাতের জন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তাঁর ভাষ্য, এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় জায়গা করে নিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়াকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন তিনি।

মন্ত্রী জানান, পরবর্তী কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রটিকে সাময়িকভাবে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হবে।

চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা। এ পর্যায়ে রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরবর্তী সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে দায়িত্ব পালন শুরু করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রকল্পটির দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তা করার পাশাপাশি আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমাবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।