ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্রসিং দিয়ে রেললাইন অতিক্রমের সময় সিএনজিটিকে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস ধাক্কা দেয়। এ সময় ক্রসিংয়ে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না।নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।
আরও পড়ুন: গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি
আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মনোয়ারা বেগম নামে নিহতদের এক স্বজন জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটি চলন্ত ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করা যাবে না: এমপি মিলন
কক্সবাজার রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।





