ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক

Sadek Ali
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৪৭ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলার এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ৫৫ বিজিবির বাল্লা বিওপির একটি টহল দল। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

আটক ব্যক্তির নাম সুবল চন্দ্র সরকার (৪১)। তিনি সিলেট সদর উপজেলার মেদেনী মহল গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলাসহ আরও দুটি পৃথক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন: গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে বাল্লা আইসিপি এলাকায় অবস্থান করছিল বিজিবির একটি টহল দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাট এলাকার নদীরপাড় দিয়ে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া করেন। এ সময় সুবল চন্দ্র সরকারকে আটক করা সম্ভব হলেও রাতের অন্ধকারে অপর তিনজন পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবল অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছেন। বিজিবির ধারণা, একাধিক মামলার আসামি হওয়ায় গ্রেপ্তার এড়াতে তিনি পরিকল্পিতভাবে অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করা যাবে না: এমপি মিলন

পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার টেকেরঘাট কাটানীপাড় গ্রামের জমরুত মিয়া (৪৬), টেকেরঘাট চৌমুহনী গ্রামের মো. কুদ্দুছ (৪০) এবং মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের পরিমল সরকার (৩৬)।

এ ঘটনায় বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক সুবলসহ চারজনের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দায়ের করা মামলাটির নম্বর ২০। আটক সুবলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যেন বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে দিন-রাত টহল জোরদারের পাশাপাশি একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালালচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারেও গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, হবিগঞ্জের সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার পাশাপাশি সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।