আসছে অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্মাণশৈলী ও গল্প বলার নিজস্ব ধরনে দর্শকদের নজর কেড়েছেন নির্মাতা মাসরিকুল আলম। ইউটিউবেও তাঁর নির্মিত নাটকগুলো পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। এবার টেলিভিশনের পর্দায় প্রচারিত হতে যাচ্ছে তাঁর নতুন নাটক ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’।শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এ নাটক।

নাটকের গল্পে দেখা যাবে, রাহুল তার বাবা সালাম সাহেবকে ভীষণ ভয় পায়। বেকারত্বের কারণে বাবার কাছে প্রতিনিয়ত নানা কথা শুনতে হয় তাকে। এমন পরিস্থিতিতে একদিন প্রেমিকা নিতুকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে রাহুল। কিন্তু বাবার মুখোমুখি হওয়ার সাহস না পেয়ে স্ত্রীকে বাড়ির দরজার বাইরে রেখেই সেখান থেকে সরে পড়ে সে।

আরও পড়ুন: মা হলেন সামান্থা

এদিকে রাতে শুরু হয় বৃষ্টি। বাড়ির সামনে বিয়ের সাজে এক তরুণীকে ভিজতে দেখে অবাক হন সালাম সাহেব। পরিচয় জানতে চাইলে নিতু নিজেকে রাহুলের স্ত্রী হিসেবে পরিচয় দেয়। বিষয়টি শুনে ক্ষুব্ধ হয়ে দরজা বন্ধ করে দেন তিনি।

অন্যদিকে, নিতুর সঙ্গে রাহুলের পরিচয় হয়েছিল তার মামাতো বোনকে পড়াতে গিয়ে। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। এক দুর্ঘটনায় মা-বাবাকে হারানোর পর মামার কাছে বড় হয় নিতু। একপর্যায়ে মামা তাঁর বন্ধুর ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিতে চাইলে বাড়ি ছেড়ে রাহুলের কাছে চলে আসে সে। পরে দুজন কাজি অফিসে গিয়ে বিয়ে করে।

আরও পড়ুন: কর্মঘণ্টা ইস্যুতে দীপিকার পাশে দাঁড়ালেন আলিয়া ভাট

দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ে নিতু। একসময় সালাম সাহেবই তাকে ঘরে নিয়ে আসেন এবং যত্ন নিতে শুরু করেন। ধীরে ধীরে ছেলের স্ত্রী হিসেবে নিতুকে মেনে নেন তিনি। তবে রাহুলের জন্য একটি শর্ত জুড়ে দেন—চাকরি না পাওয়া পর্যন্ত বাড়িতে ফিরতে পারবে না সে। এরপর কীভাবে এগোয় রাহুল-নিতুর সংসারজীবন, তা নিয়েই নাটকের বাকি গল্প।

নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সাদিয়া আয়মান। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মাসরিকুল আলম নিজেই।