নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশ প্রাক-নিকার কমিটির
নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাক-নিকার সচিব কমিটির বৈঠক। গত ৯ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সাতটি প্রস্তাব পর্যালোচনা করে চারটিতে সুপারিশ, একটিতে নাকচ এবং বাকি দুটিতে পর্যবেক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সুপারিশের সিদ্ধান্ত হওয়া চারটি প্রস্তাবের মধ্যে রয়েছে জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে মোকামতলা থানা স্থাপন।
আরও পড়ুন: ডিসেম্বর মোকাবিলায় নানামুখী প্রস্তুতি
অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করা হয়েছে। এ ছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দিয়েছে কমিটি।
প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত বিবেচনার জন্য নিকার সভায় উপস্থাপনের আগে প্রাক-নিকার সচিব কমিটিতে আলোচনা করা হয়। নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা বা থানা গঠনের মতো প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো হলে কমিটি সেগুলো যাচাই-বাছাই করে। পরে নিকার সভায় সুপারিশ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেয়।
আরও পড়ুন: ভারত ও আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল সম্ভব নয়: জ্বালানিমন্ত্রী
চার প্রস্তাবে সুপারিশ
জয়পুরহাট জেলার কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র’ স্থাপনের প্রস্তাবে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে স্থানীয় পর্যায়ে পুলিশি কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় তদন্তকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের প্রস্তাবেও সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, থানাটির নতুন নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। জানা গেছে, জৈন্তাপুর পৌরসভা গঠনের উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে পৌরসভা গঠনের প্রস্তাবটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হয়।
এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ প্রস্তাব বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার জন্য পৃথক থানা প্রতিষ্ঠিত হবে।
একটি প্রস্তাব নাকচ, দুটিতে পর্যবেক্ষণ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করেছে প্রাক-নিকার সচিব কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবটি বৈঠকে পর্যালোচনার পর সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ নামে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দিয়েছে কমিটি। আইন ও বিচার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। একইভাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তরের প্রস্তাবেও পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়।
প্রাক-নিকার সচিব কমিটির কোনো প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়ার অর্থ হলো, সেটি নিয়ে আরও তথ্য, ব্যাখ্যা বা প্রয়োজনীয় সংশোধনের দরকার রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা যুক্ত করে প্রস্তাবটি পুনরায় উপস্থাপন করতে হয়। পরবর্তী সময়ে তা পর্যালোচনা করে সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্মসচিব নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, সাতটি প্রস্তাবের মধ্যে চারটিতে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ পাওয়া প্রস্তাবগুলোতে কমিটির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা যুক্ত করে পুনরায় উপস্থাপন করতে হবে। এরপর সেগুলো নিয়ে আবার আলোচনা হবে।
তিনি আরও বলেন, সুপারিশের সিদ্ধান্ত হওয়া চারটি প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিকার সভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অনুমোদন পেলেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে। তবে নিকার সভা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।





