মাত্র ৪৫ মিনিটেই গ্লাস্টনবারি ২০২৭-এর সব টিকিট শেষ
যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় সঙ্গীত উৎসব গ্লাস্টনবারি ২০২৭-এর সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ৪৫ মিনিটে। ২০২৬ সালের বিরতির পর উৎসবটি ফিরছে, আর টিকিটের দাম বাড়লেও হাজারো ভক্ত টিকিট কিনতে অনলাইনে ভিড় করেন।
গেল রবিবার সাধারণ বিক্রি শুরুর ৪৫ মিনিটের মধ্যেই আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গ্লাস্টনবারি ২০২৭-এর সব টিকিট বিক্রি হয়ে গেছে। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সমারসেটের পিলটনে অবস্থিত ওয়ার্দি ফার্মে অনুষ্ঠিত হবে এবারের উৎসব। ২০২৭ সালের জুনে অনুষ্ঠেয় এই উৎসবের সাধারণ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০৮ পাউন্ড(বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার ৩০০ টাকা), যা আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
আরও পড়ুন: মুম্বাইয়ে রণবীর কাপুরের ‘রামায়ণ’ সেটের কাছে আগুন
তবে টিকিট বিক্রি হলেও আগামী বছরের শিল্পীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি পুনর্মিলিত ব্রিটিশ ব্যান্ড ওয়েসিস-কে নিয়ে ব্যাপক জল্পনা থাকলেও আয়োজকেরা নিশ্চিত করেছেন, তারা গ্লাস্টনবারি ২০২৭-এ পারফর্ম করবে না।
১৯৭০ সালে যাত্রা শুরু করা গ্লাস্টনবারি বর্তমানে বিশ্বের অন্যতম পরিচিত সঙ্গীত উৎসব। বছরের পর বছর ধরে এতে রক, পপ ও অন্যান্য ঘরানার আন্তর্জাতিক তারকারা অংশ নিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে চার্লি এক্সসিএক্স, দুয়া লিপা ও অলিভিয়া রডরিগোর মতো তারকারাও উৎসবটির মঞ্চে পারফর্ম করেছেন।
আরও পড়ুন: নতুন গল্পে তৌসিফ-তটিনী
২০২৫ সালের গ্লাস্টনবারিতে প্রায় ২ লাখ ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। সে আসরে নিল ইয়ং, রড স্টুয়ার্ট, রে, দ্য প্রডিজি, অ্যালানিস মরিসেট ও স্নো প্যাট্রোলসহ বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী গান পরিবেশন করেন।
গ্লাস্টনবারি ২০২৭ অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ জুন।





