আশুলিয়ায় ১৯ ঝুট গোডাউনে আগুন, ছড়াল দুই ভবন ও কলোনিতে
ঢাকার আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। এ সময় আগুন পাশের দুটি বহুতল আবাসিক ভবন ও একটি টিনশেড কলোনিতেও ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের পেছনে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন: বান্ধবীকে নিয়ে সন্দেহ, ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা ও তাপ আশপাশের আবাসিক স্থাপনাগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে দুটি বহুতল আবাসিক ভবন ও একটি টিনশেড কলোনিতে আগুন লাগে। আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ও মালামাল রক্ষায় ছোটাছুটি শুরু করেন। এ সময় গোডাউনের মালিকদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকার অভিযোগও করেন তাঁরা। তবে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছানোর প্রকৃত সময় এবং পানির সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি-প্রতিমন্ত্রী ইশরাক
আবাসিক এলাকার পাশে বিপুল পরিমাণ দাহ্য ঝুট মজুত রাখার ক্ষেত্রে যথাযথ অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সাথে সাথে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে এত ক্ষয়ক্ষতি হতো না।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছিল। অগ্নিকাণ্ডের সূত্রপাত, হতাহত এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।





