২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ। তবে রমজান ও ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?

প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতির ওপর নির্ভরশীল। এ কারণে প্রতি বছর আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১২ দিন আগে রমজান শুরু হয়। সেই হিসাবে ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা সরকারি ছুটি

সাধারণত রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়। বর্তমান হিসাব অনুযায়ী, ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে মুসলমানরা রোজা পালন করেন। একই সঙ্গে নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

২০২৭ সালের রমজানকে সামনে রেখে বিভিন্ন মুসলিম দেশে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতিও শুরু হবে। সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করবে।

তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ বলা হলেও এটি চূড়ান্ত নয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।