আবারও সত্যজিৎ রায়ের গল্পে সব্যসাচী
সত্যজিৎ রায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ হিসেবে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আবারও ফিরছেন অভিনয়ে। এবারও সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে নির্মিত একটি নতুন কাজে দেখা যাবে বর্ষীয়ান এই অভিনেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সত্যজিৎ রায়ের নির্বাচিত ছোটগল্প অবলম্বনে নতুন একটি কাজ নির্মাণ করছেন তাঁর ছেলে সন্দীপ রায়। সেখানেই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী।
আরও পড়ুন: সব মজা শুধু ছেলেরাই নেবে কেন: শোভিতা ধুলিপালা
এর আগে বাবার লেখা গল্প নিয়ে ‘সত্যজিতের প্রিয় গল্প’ ও ‘সত্যজিতের গপ্পো’সহ বেশ কয়েকটি ধারাবাহিক নির্মাণ করেছিলেন সন্দীপ রায়। এবারও একই ধারাবাহিকতায় সত্যজিৎ রায়ের আরও কিছু নির্বাচিত গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তিনি।
তবে নতুন কাজটি টেলিভিশন নাকি অন্য কোনো মাধ্যমে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত নয়। একই সঙ্গে কোন গল্পে সব্যসাচীকে দেখা যাবে, সেটিও প্রকাশ করা হয়নি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু হতে পারে।
আরও পড়ুন: অস্কারে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের ‘রইদ’
দীর্ঘদিন ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া সব্যসাচী বয়সের কারণে একসময় এই চরিত্র থেকে সরে দাঁড়িয়েছিলেন। সম্প্রতি তাঁকে ‘অচিন্ত্য আইচ’ ধারাবাহিকের নতুন পর্বে দেখা গেছে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।





