রায়পুরে দুই শিক্ষার্থী নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান
লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে আরাফাত সায়েম (১৪) ও মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় দুই পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে ৮ মৃত্যু: দায়ীদের বিচার ও ক্ষতিপূরণ চেয়ে শ্রমিকদের বিক্ষোভ
নিখোঁজ আরাফাত সায়েম রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে, মো. ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তার দম্পতির একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: মৌলভীবাজারে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিদিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তারা বাড়িতে ফিরে আসেনি। প্রথমে পরিবারের সদস্যরা তাদের বন্ধু, সহপাঠী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়।
পরে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, ‘রোববার সকালে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সারাদিনেও বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখন পর্যন্ত তাদের সন্ধান পাইনি। আমরা সন্তানদের নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি।’
তারা আরও বলেন, সন্তানদের সন্ধানের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তাদের কোথাও দেখে থাকলে বা তাদের সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সদস্য অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানান তারা।
এদিকে, নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই শিক্ষার্থীর ছবি ও পরিচয় দিয়ে তাদের সন্ধানে সহযোগিতা চাওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা কৃতজ্ঞ থাকবেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে থানায় পৃথক জিডি পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাদের সন্ধান ও উদ্ধারে পুলিশ কাজ করছে।’
পরিবারের সদস্যরা নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তাদের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানা অথবা পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ জানিয়েছেন।





