বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপ। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আরও পড়ুন: ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে বুধবার রাতের মধ্যে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এই গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
আরও পড়ুন: রাজধানীতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি
গভীর নিম্নচাপের কাছাকাছি এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপের প্রভাবে পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।





