পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে আর বাধা নেই
এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। সোমবার ওই আবেদনের শুনানি শেষে বেলা সাড়ে ১১টায় আদেশ দেন আদালত।
আরও পড়ুন: আজ বিকেলে প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল
এর আগে গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন।
একই সঙ্গে এইচএসসির সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
আরও পড়ুন: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীদের সুখবর দিলো সরকার
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এর আগে জানিয়েছিলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন।
এদিকে, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের নতুন আদেশের ফলে ঢাবিসহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের ক্ষেত্রে আর আইনি বাধা থাকছে না।





