রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের সবাই নিহত
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় বিমানটিতে ক্রুসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। তাঁদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাশিয়ার কেমেরোভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি ছিল সামরিক পরিবহন মডেলের এএন-১২। নিয়মিত ফ্লাইট পরিচালনার সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন: প্রথমবার একসঙ্গে দেখা গেল ট্রাম্প, পুতিন ও শি জিনপিংকে
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিমানটি জনবসতিহীন একটি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ১৯ জনের সবাই প্রাণ হারিয়েছেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: চীন-রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠকে কী আলোচনা হচ্ছে
রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বিমানটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে এটি দ্রুত নিচের দিকে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ইয়াগুনোভো এলাকায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান।
পরবর্তী এক ভিডিও বার্তায় গভর্নর বলেন, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।





