সৌদির এফ-১৫ ভূপাতিত যুদ্ধবিমানের ভিডিও প্রকাশ হুথিদের
সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। বুধবার যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে তারা। প্রকাশিত ফুটেজে যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার দৃশ্য এবং পরে এর ধ্বংসাবশেষের বিভিন্ন অংশ দেখা যায়।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি এফ-১৫টিকে লক্ষ্যবস্তু করা হয়। তাঁর দাবি, যুদ্ধবিমানটি সৌদি-সমর্থিত ভাড়াটে যোদ্ধাদের জন্য বিমান সহায়তা দিতে মারিবের আকাশসীমায় অভিযান চালাচ্ছিল।
আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূপাতিত যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষের বিভিন্ন অংশ পড়ে রয়েছে। আরেকটি দৃশ্যে ধ্বংসাবশেষের আশপাশে ইয়েমেনি যোদ্ধাদের অবস্থান করতে দেখা যায়।
ইয়াহিয়া সারে আরও জানিয়েছেন, মারিবের আকাশসীমায় ইয়েমেনি বাহিনী একই সময়ে আরও একটি সৌদি এফ-১৫ এবং একটি সৌদি টাইফুন যুদ্ধবিমানের মোকাবিলা করেছে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
তিনি বলেন, ভূপাতিত যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষের সন্ধানে সৌদি বাহিনী সেখানে যাওয়ার চেষ্টা করেছিল। তবে ইয়েমেনি বাহিনীর পাল্টা প্রতিরোধের মুখে তাদের পিছু হটতে হয়।
ইয়েমেনি সামরিক মুখপাত্র আরও বলেন, দেশের আকাশসীমা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং শত্রুপক্ষের বিমানকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাবে ইয়েমেনি বাহিনী।





