বিশ্ববাজারে কমল তেলের দাম
মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই কমেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সৌদির এফ-১৫ ভূপাতিত যুদ্ধবিমানের ভিডিও প্রকাশ হুথিদের
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমে আসে। এর প্রভাবেই বৃহস্পতিবারও তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।
এর আগে বুধবারও বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন হয়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি প্রায় ৩ ডলার করে কমেছিল।
এদিকে, মধ্যপ্রাচ্যে তেল সরবরাহের বর্তমান পরিস্থিতির পাশাপাশি সৌদি আরবের অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের উদ্যোগের দিকে এখন বাজার বিশ্লেষকদের নজর রয়েছে। সরবরাহ পরিস্থিতির পরবর্তী পরিবর্তন বিশ্ববাজারে তেলের দামে কী প্রভাব ফেলে, সেটিই এখন পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা।





