১১ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে উল্লেখিত অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: কমতে পারে গরম, আজও বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
এদিকে, গত ২৪ ঘণ্টায় বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে সূর্যোদয় হবে।





