ওডিশার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায় ঝড়টি আছড়ে পড়ে। উপকূল অতিক্রম করতে ঘূর্ণিঝড়টির প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়টির গতিবেগ কমে এলেও উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে স্পষ্ট বার্তা জানায়নি ভারত

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা বলেন, সাধারণত স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যায়। আকভানের ক্ষেত্রেও একই পরিস্থিতি হয়েছে। তবে উপকূল অতিক্রমের সময় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃহস্পতিবার থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যশোরে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন মার্কিন সাইবার পরিচালক

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, শুক্রবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আগামী শনিবারও দেশের কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।