ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভুট্টাবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ফের ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাত স্বজনকে নিয়ে মাইক্রোবাসে করে আক্কেলপুরের বাড়িতে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়লো ২৩টি কক্ষ ৫ দোকান
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সরাসরি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত সাতজনকে উদ্ধার করেন। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





