অস্কারে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের ‘রইদ’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৩২ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে সিনেমাটি নির্বাচিত হয়েছে। রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এবার অস্কারে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাই শেষে চারটি সিনেমা চূড়ান্ত বিবেচনায় আসে। সেখান থেকেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ‘রইদ’কে নির্বাচন করা হয়।

আরও পড়ুন: আবারও সত্যজিৎ রায়ের গল্পে সব্যসাচী

নির্বাচনের প্রতিক্রিয়ায় নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, বাংলাদেশের পাশাপাশি এ অঞ্চলের গল্প ও সংস্কৃতিকে সিনেমাটিতে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। তার মতে, চলচ্চিত্রকে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই; এর নান্দনিক ও একাডেমিক দিকও গুরুত্বপূর্ণ।

Image

আরও পড়ুন: কাশবনে পূজা চেরী, শরতের সাজে মুগ্ধ ভক্তরা

‘রইদ’-এর গল্প গড়ে উঠেছে সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্ককে কেন্দ্র করে। প্রেম, নীরবতা ও মানবিক অনুভূতির মধ্য দিয়ে সিনেমাটিতে তুলে ধরা হয়েছে গভীর এক প্রেমের আখ্যান। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

অস্কারে বাংলাদেশের হয়ে ‘রইদ’ নির্বাচিত হওয়ায় সিনেমাটির শিল্পী ও নির্মাতা দলের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। অভিনেত্রী নাজিফা তুষিও মনে করেন, এই অর্জন দেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি করতে পারে।

অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে ‘রইদ’ নির্বাচিত হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।