কাশবনে পূজা চেরী, শরতের সাজে মুগ্ধ ভক্তরা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রকৃতিতে এখন শরতের আবেশ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে কাশফুল—সব মিলিয়ে বাংলার প্রকৃতিতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সেই তালিকায় এবার যোগ দিলেন অভিনেত্রী পূজা চেরী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূজা। ছবিতে তাকে দেখা যায় ফিরোজা রঙের শাড়িতে কাশফুলের বনে ঘুরে বেড়াতে। কখনো কাশফুলের পাশে, আবার কখনো গাছের ছায়ায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: অস্কারে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের ‘রইদ’

ছবিগুলোর সঙ্গে শরতের সৌন্দর্য ও দুর্গাপূজার আগমনী আবহ তুলে ধরেছেন পূজা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

পূজার এই পোস্টে তার ভক্তরাও প্রশংসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’ অনেকে তাকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়েছেন। পোস্ট দেওয়ার আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে এতে হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।

আরও পড়ুন: ৩৩ কোটি রুপির বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

এদিকে অভিনয়ে সাম্প্রতিক সময়ে কিছুটা নীরব সময় পার করছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার খবরেও তাকে দেখা যায়নি। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির কাজ কয়েক বছর আগেই সম্পন্ন হয়েছিল।