ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, বাড়ানো হলো ড্রোন টহল
ডিসেম্বরকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সীমান্তজুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধেও বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা তৎপরতা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
আরও পড়ুন: দুদকের নতুন মহাপরিচালক হলেন মোরশেদ আলম
বিজিবি অধিনায়ক জানান, সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন তথ্যদাতার মাধ্যমে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও সার্চলাইট। রাতের টহলে ব্যবহার করা হচ্ছে পোর্টেবল সার্চলাইট। পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে গত জুন মাসের সীমান্ত পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, ওই সময় বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের পুশইনের চেষ্টা জোরদার হয়েছিল। নেত্রকোনা সীমান্তেও এমন তৎপরতা ছিল। তবে বিজিবির কঠোর টহল, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের কারণে এ সীমান্ত দিয়ে কোনো পুশইন করতে পারেনি বিএসএফ।
আরও পড়ুন: প্রলয় জোয়ারদারহ-সহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ও ১ জনকে বাধ্যতামূলক অবসর
মানব পাচার প্রতিরোধেও গত এক বছরে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। ব্যাটালিয়ন অধিনায়কের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে পাচারের শিকার ৯ জন পুরুষ ও দুই নারীকে উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য পরিমাণ পণ্য জব্দের তথ্য দিয়েছে বিজিবি। গত এক বছরে কলমাকান্দা সীমান্ত এলাকায় ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮টি ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২১ জন আসামিকে আটক করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
ডিসেম্বরকে ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।





