প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পলাতক আসামিকে বহনকারী প্রিজন ভ্যানের চালকসহ দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
ঘটনার তদন্তে একজন উপকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, রোববার সকালে আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: জীবননগরে এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার
ফেরার পথে গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার প্রয়োজনের কথা জানান। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ নিয়ে তিনি পালিয়ে যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলামও আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে পিচ্চি রাজার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল অভিযান চালাচ্ছে।





