আদালতে পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৪ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. রেজাউল করিম (৪৫) আদালতের হাজতখানার মাদক ধ্বংস শাখার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: গণমাধ্যমের সুরক্ষায় অংশীজনদের সুপারিশ আমলে নিয়ে খসড়া প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের একটি দোকানে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামে ওই দোকানে অভিযান পরিচালনা করে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ দল।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল করিম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পরনের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১৭৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদিমের সম্মানি নির্ধারণ

এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি ভিভো ব্র্যান্ডের স্মার্টফোনও জব্দ করা হয়।

ঘটনার পর ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সোমবার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, মামলাটির তদন্তের স্বার্থে গ্রেপ্তার রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে।

তবে আদালতের আলামত নিষ্পত্তি শাখায় দায়িত্ব পালনকারী ওই পুলিশ সদস্যের কাছে এত বিপুল পরিমাণ ইয়াবা কীভাবে এলো এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।