সব মজা শুধু ছেলেরাই নেবে কেন: শোভিতা ধুলিপালা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতায় মুগ্ধ অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এ অভিনয়ের জন্য এই প্রশিক্ষণ নিতে গিয়ে শারীরিক কসরতের পাশাপাশি মানসিকভাবেও উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এমনকি এখন নাচের চেয়ে মার্শাল আর্টকেই বেছে নিতে চান অভিনেত্রী।

পা রঞ্জিত পরিচালিত ‘ভেট্টুভাম’ অ্যাকশন ও সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা। এতে শোভিতার সঙ্গে অভিনয় করেছেন ভিআর দিনেশ ও আরিয়া। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য শোভিতাকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে হয়েছে।

আরও পড়ুন: আবারও সত্যজিৎ রায়ের গল্পে সব্যসাচী

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ‘ইউভা ২০২৬’ অনুষ্ঠানে সিনেমাটি ও নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শোভিতা। তিনি জানান, ‘ভেট্টুভাম’-এর মাধ্যমেই প্রথমবার মার্শাল আর্ট শেখার সুযোগ পান। প্রশিক্ষণের সময় ভারতের ঐতিহ্যবাহী বিভিন্ন মার্শাল আর্ট নিয়েও আগ্রহ তৈরি হয়েছে তাঁর। বিশেষ করে কলারিপায়াত্তু ও মল্লখম্বের প্রতি আগ্রহের কথা জানান অভিনেত্রী।

শোভিতার মতে, মার্শাল আর্ট শুধু শরীরচর্চা নয়, মানসিক চাপ কমাতেও সহায়ক। নিয়মিত অনুশীলনের ফলে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করেছেন তিনি।

আরও পড়ুন: অস্কারে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের ‘রইদ’

শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে এখন কোনটি বেছে নেবেন। উত্তরে তিনি জানান, মার্শাল আর্ট অনুশীলনের মাধ্যমে যে মানসিক স্বস্তি পেয়েছেন, তা তাঁর কাছে বিশেষ ভালো লেগেছে। তাই আপাতত নাচের চেয়ে মার্শাল আর্টকেই বেছে নিতে চান। এ প্রসঙ্গেই মজার ছলে শোভিতা বলেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ তাঁর এই মন্তব্যে মার্শাল আর্টে নারীদের অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে।

তিনটি ভিন্ন সময়ের গল্পকে একটি সূত্রে যুক্ত করে নির্মিত হয়েছে ‘ভেট্টুভাম’। অতীতের ঐতিহ্য, সংঘাত ও ক্ষমতার লড়াই কীভাবে বর্তমানকে প্রভাবিত করে এবং ভবিষ্যতের পথ তৈরি করে, সিনেমাটিতে তা তুলে ধরা হয়েছে। গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছে মার্শাল আর্ট ও ঐতিহ্যের যোগসূত্র।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। সংলাপ লিখেছেন ফ্র্যাঙ্কলিন জ্যাকব। চিত্রগ্রহণে রয়েছেন রূপেশ শাজি, সম্পাদনায় সেলভা আরকে এবং শিল্প নির্দেশনায় এস এস মূর্তি। অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন ধিলিপ সুব্বারায়ণ। চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।