শাজাহানপুরে মুড়ি কারখানায় বিএসটিআইয়ের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:২১ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহারের অভিযোগে একটি মুড়ি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫ টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসন, শাজাহানপুর এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে রেললাইনে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

অভিযানে শাজাহানপুরের জমাদারপুকুর এলাকার পাপিয়া অটো মুড়ি মিল-এ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুড়ি উৎপাদন, লেবেলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজন উল্লেখ না করা এবং আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধি বিলাশ দেবনাথকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানা থেকে ২ বস্তা বা ১০০ কেজি শিল্প লবণ জব্দ করে ধ্বংস করা হয়।

আরও পড়ুন: জয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

এ ছাড়া শাজাহানপুরের বেতগাড়ী বটতলা, বনানী এলাকার রাগেব ট্রেডার্স-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিতে উৎপাদন কার্যক্রম বন্ধ পাওয়া যায়।

অভিযানটি শাজাহানপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান এবং পরিদর্শক (মেট) মো. আসাদুজ্জামান। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

উপজেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।