সোনারগাঁয়ে ট্রলারডুবি

চারদিন পর নিখোঁজ হেলালের মরদেহ উদ্ধার

Shahrier Islam Pallab
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:২৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চারদিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের (৪৫) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে মেঘনার শাখা নদী মারিখালীর রতনপুর ব্রিজ এলাকা থেকে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ টিম মরদেহটি উদ্ধার করে। এর মাধ্যমে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলো। ​

আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভারসাম্যহীন গৃহবধূর

বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, বোনজামাই মোক্তার হোসেন মরদেহ শনাক্ত করার পর পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়েছে। নিহত হেলালের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রামে।​

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার হোমনা থেকে ১৩ জন যাত্রী বিয়ের উপহার সামগ্রী ও গবাদিপশু নিয়ে ট্রলারে করে সোনারগাঁয়ের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়।

আরও পড়ুন: অটোচালক জাকারিয়া হত্যা; পরিকল্পনাকারী সাইফুলসহ গ্রেপ্তার ৩

দুর্ঘটনাকালে স্থানীয় একটি ট্রলার আটজনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হন একই পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন। ঘটনার পরপরই রায়েশা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়। পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে সজীব, সামিয়া ও সামিন নামে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ সোমবার হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে ট্রলারডুবির মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচে।